চীনের চিগো এসির পরিবেশক হল মিনিস্টার-মাইওয়ান

১৮ অক্টোবর, ২০২৪ ০১:৩৯  

বাংলাদেশে চীনের চিগো ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বাজারজাত করবে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

সম্প্রতি এ বিষয়ে চিগো গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এর আওতায় তারা বাংলাদেশে চিগো এয়ার কন্ডিশনার বাজারজাত করার পাশাপাশি বিক্রি ও বিক্রয়োত্তর সেবা দেবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এবং চিগো গ্রুপের ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার জনাব ব্রুস নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

এম এ রাজ্জাক খান রাজের ছেলে আল আকসা তানজিম খান এবং মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সাপ্লাই চেইন এবং অপারেশন বিভাগের প্রধান তানজির হোসেন এবং চিগো গ্রুপের এশিয়া প্যাসেফিকের রিজিওনাল ম্যানেজার ইরউইন এ সময় উপস্থিত ছিলেন।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান বলেন, “আমরা চিগোর আর্ন্তজাতিক সম্পন্ন নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স পণ্য দেশের বাজারে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশে উন্নতমানের চিগো এসি পৌঁছে দেওয়া আমাদের নিজস্ব অঙ্গীকারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আশা করি দেশের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে বিশ্বখ্যাত চিগোর এয়ার কন্ডিশনার পেয়ে খুশি হবে।’’

২০০২ সালে প্রতিষ্ঠিত মিনিস্টার-মাইওয়ান গ্রুপ রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন,সিলিং এবং চার্জার ফ্যান, গ্রাইন্ডার, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি করে।

আর চীনা কোম্পানি চিগো রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার, কমার্শিয়াল এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার সোর্স হিট পাম্প, রেফ্রিজারেশন ইকুইপমেন্ট, এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন করে। বিশ্বের ১৮০টির বেশি দেশে পণ্য রপ্তানি করে তারা।